কুষ্টিয়ায় হঠাৎ করেই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে জেলা শহরসহ আশপাশের সব ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন হালকা যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে তেল নিতে ভিড় জমান চালকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেককে খালি হাতে ফিরতে দেখা গেছে। আবু সাঈদ নামের এক মোটরসাইকেল চালক জানান, ভোর থেকে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকলেও পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। আগে যেখানে ২০০-৩০০ টাকার সীমাবদ্ধতা ছিল, এখন সেখানে বিক্রিই পুরোপুরি বন্ধ। বিত্তিপাড়া এলাকার রাসেল হাসান অভিযোগ করেন, তেল নিতে এসেই দিনের বড় অংশ নষ্ট হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে পড়েছে। অনেকেই এই সংকটের পেছনে সিন্ডিকেটের কারসাজি থাকতে পারে বলে সন্দেহ করছেন।
মজুত না থাকায় সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন পাম্প মালিকরা। কুষ্টিয়া তেল পাম্প মালিক সমিতির সভাপতি আখতারুজ্জামান জানান, নিয়মিত সরবরাহ থাকলেও আজ খুলনা ডিপো থেকে পেট্রোল ও অকটেন না আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, আগামীকাল বৃহস্পতিবার নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
তেল না পেয়ে অনেক চালককে পাম্পের সামনেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কাটার সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
