শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ৬ দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মারা যাওয়া শিশু জাহিদ সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হামের উপসর্গ নিয়ে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৬ দিন হাসপাতালে লড়ার পর মঙ্গলবার গভীর রাতে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল, তবে পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে শুধু সদর হাসপাতালেই ২০ জন হাম রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালের আরএমও মিতু আক্তার জানান, প্রতিদিন হামের উপসর্গ নিয়ে নতুন নতুন রোগী হাসপাতালে আসছেন। পরিস্থিতি সামাল দিতে আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।
শরীয়তপুরে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
