গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ বায়তুল মোকাররমে ১১ দলের সমাবেশ ও মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ রক্ষা করার দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিকেল ৫টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

গত ২ এপ্রিল ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে। তার মতে, সংবিধানের কেবল সংশোধন নয়, বরং আমূল সংস্কার প্রয়োজন এবং এর জন্য গণভোটের রায় মানা আবশ্যিক।

হামিদুর রহমান আযাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার যদি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে, তবে রাজপথের কঠোর আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। দাবি আদায়ে জনমত গঠনে সেমিনার, সিম্পোজিয়াম ও লিফলেট বিতরণের মতো কর্মসূচিও হাতে নিয়েছে জোটটি।

এদিকে শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের কড়া সমালোচনা করে বলেছেন, জনগণের রায়কে অগ্রাহ্য করার অর্থই হলো ফ্যাসিবাদের সূচনা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ১১ দল ও জামায়াতে ইসলামীর লড়াই চলবে। তিনি বর্তমান সংবিধানকে ‘কাটাছেঁড়া সংবিধান’ আখ্যা দিয়ে জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন সংবিধানের দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *