রাজধানী ঢাকায় চলমান ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া হিসেবে ৪০-৫০ কিমি বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, বৃষ্টির প্রভাবে তা প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আজ দুপুর নাগাদ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
