জামালপুরে কারাবন্দি অবস্থায় জেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

জামালপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় জিয়াউল হক জিয়া (৬২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, জিয়াউল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে কারাকক্ষে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছুটির দিন হওয়ায় সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, বাবার মৃত্যুর খবরে তার বোন জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বর্তমানে জিয়াউল হকের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত অবগত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *