পটুয়াখালীতে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও ভাঙচুর; অভিযুক্ত মৎস্যজীবী দল নেতারা

পটুয়াখালী জেলা পুলিশের মালিকানাধীন মার্কেটে ‘বৈশাখী চাঁদা’ না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানাসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ব্যবসায়ী খোকন মল্লিক (৪৪) বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ব্যবসায়ী খোকন মল্লিক জানান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী এবং সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীমসহ কয়েকজন গত কয়েকদিন ধরে বৈশাখী উৎসবের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে তারা ১০-১২ জন সহযোগী নিয়ে দোকানে ঢুকে হামলা চালায়। খোকন মল্লিকের দাবি, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে চাপাতি দিয়ে হাতে আঘাত করে। ইতিপূর্বেও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময়ে ৭-৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মৎস্যজীবী দল নেতা বাবুল গাজী দাবি করেন, খোকন মল্লিক ‘স্বৈরাচারের দোসর’ এবং তিনি বাজারে মরা মুরগি বিক্রি করেন। এসব অনিয়মের প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *