ফ্যামিলি কার্ডের সফলতার পর এবার প্রকৃত কৃষকদের জন্য দ্রুততম সময়ের মধ্যে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, “কৃষকরা যাতে সরাসরি উৎপাদনের সব সুবিধা পেতে পারেন এবং মধ্যস্বত্বভোগীরা যেন কৃষকের হক কেড়ে নিতে না পারে, সেজন্যই এই ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করা হচ্ছে। নীতিগতভাবে এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, আজকের বৈঠকে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব কৃষক এই কার্ডের আওতায় আসবেন। তবে কার্যক্রমটি শুরুর দিকে ‘ফ্যামিলি কার্ডের’ মতোই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে। এতে করে প্রকৃত কৃষকদের সঠিক ডাটাবেজ তৈরি এবং সুবিধা পৌঁছানো সহজ হবে।
এই কার্ডের মাধ্যমে কৃষকরা বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণের ভর্তুকি সরাসরি পাবেন। জহির উদ্দিন স্বপন বলেন, “কৃষকের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি খাতের প্রতিটি প্রান্তিক পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।”
