ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা জেলা উত্তরের কমিটি ঘোষণা ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১৯ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলা উত্তর এনসিপি’র নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ও কালামপুর বাসস্ট্যান্ডে নতুন উপজেলা কার্যালয় উদ্বোধনের কর্মসূচি ছিল। এ নিয়ে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনুষ্ঠানের একপর্যায়ে দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।
ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ অভিযোগ করে বলেন, “নতুন কমিটি গঠনের ফলে অনেকের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে, সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।” এতে তাদের পক্ষের ১০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন দাবি করেন, “আমাদের সাথে কোনো আলোচনা না করেই নতুন কমিটি ও কার্যালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢুলিভিটায় আগে থেকেই আমাদের কার্যালয় থাকা সত্ত্বেও কেন নতুন অফিস—তা জানতে চাইলে উল্টো আমাদের ওপর হামলা হয়।”
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কালামপুর এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
