১৬৮ শিশুর রক্তভেজা স্মৃতি নিয়ে ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদল; ট্রাম্পের হুঁশিয়ারির মুখে শুরু হচ্ছে বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তবে এবারের সফরটি কেবল কূটনৈতিক নয়, বরং একটি গভীর মানবিক বার্তা বহন করছে। ইরানি প্রতিনিধিদলকে বহনকারী বিশেষ উড়োজাহাজ ‘মিনাব ১৬৮’-এর ভেতরে নিহত শিশুদের রক্তভেজা স্কুলব্যাগ, জুতা ও স্মৃতিচিহ্ন রাখা হয়েছে, যা আলোচনার শুরুতেই এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের ‘শাজারে তাইয়্যেবা’ বালিকা বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন শিক্ষার্থীর স্মরণে বিমানটি সাজানো হয়েছে। বিমানের আসনগুলোতে নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহৃত জিনিসপত্র রাখা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক্স (টুইটার) হ্যান্ডেলে এই ছবি শেয়ার করে লিখেছেন, “এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।”

শনিবার (১১ এপ্রিল) বৈঠক শুরুর আগে গালিবাফ সাংবাদিকদের বলেন, “ইরানের সদিচ্ছা থাকলেও আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই। এক বছরের কম সময়ে তারা দুইবার আলোচনার মাঝপথে আমাদের ওপর হামলা করেছে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে এবং ইরানি জাতির অধিকার মেনে নেয়, তবেই সমাধান সম্ভব।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে আবারও চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই আলোচনার ভাগ্য নির্ধারিত হবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *