মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের প্রভাব: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিমানের ফ্লাইট

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে এই পাঁচটি দেশ তাদের আকাশসীমা (Airspace) সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাবে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব বাণিজ্যিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বোসরা ইসলাম জানান, “মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকা থেকে ওই অঞ্চলের সব রুটের ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আপডেট পরবর্তীতে জানানো হবে।”

প্রাথমিক তথ্যে জানা গেছে, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আক্রমণ শুরু করলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোতে এই বিস্ফোরণ ঘটে। নিরাপত্তার স্বার্থে বাহরাইন, আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরব তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় পুরো অঞ্চলটি এখন বৈশ্বিক আকাশপথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আন্তর্জাতিক আলোচনার পর কোনো সমাধান না হওয়ায় শনিবার সকালে তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ শুরু করে।

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিদিন কয়েক হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী যাতায়াত করেন। ফ্লাইট স্থগিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। বেসরকারি এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন করে ভাবছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *