মাঠে ফিরেই গোল, তবে সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডায় শিরোনামে নেইমার

ব্রাজিল জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা নেইমার জুনিয়র বুধবার (১৫ এপ্রিল) কোপা সুদামেরিকানার ম্যাচে দেপোর্তিবো রিকোলেতার বিপক্ষে নিজের সামর্থ্যের জানান দিলেও জড়িয়েছেন বিতর্কে। ঘরের মাঠ ভিলা বেলমিরোতে গোল করেও দলকে জয় এনে দিতে না পারায় দর্শকদের দুয়োর মুখে পড়েন তিনি, যার জবাবে সমর্থকদের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় লিপ্ত হন এই ফরোয়ার্ড।

সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে ফেরার পর এটিই ছিল নেইমারের প্রথম গোল। ম্যাচের শুরুতে তাঁর গোলেই লিড পেয়েছিল সান্তোস। তবে নিজেদের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামা প্যারাগুয়ের ক্লাব দেপোর্তিবো রিকোলেতা প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায়। শেষ পর্যন্ত ১-১ ড্রয়ে মাঠ ছাড়তে হয় সান্তোসকে, যার ফলে গ্রুপ ‘ই’-তে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে দলটি।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে ভেসে আসা কটূক্তির জবাবে নেইমার আঙুল দিয়ে ‘চুপ থাকো’ ইশারা করেন। ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সমর্থকদের হতাশা আমি বুঝি, তবে বুঝতে হবে ফুটবল এমনই। দল ভালো খেলছে, সুযোগ তৈরি করছে। কখনও বল জালে যায় না।”

তবে বিতর্ক আরও বাড়ে টানেলের দিকে যাওয়ার সময়। এক সমর্থককে উদ্দেশ্য করে নেইমার মজা করে বলেন, “তোমার আরও ট্রেনিং করা উচিত ছিল। তুমি তো মোটা হয়ে যাচ্ছ!” পরে আবারও ফিরে এসে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আমি এখানে আমার সর্বোচ্চটা দিচ্ছি। তোমাকে তোমার এক মিনিটের খ্যাতি দিয়ে দিলাম, এখন খুশি?”

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচার এবং চলতি মাসের শুরুতে ফলো-আপ প্রক্রিয়া শেষ করেছেন তিনি। আগামী জুনের বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে সেলেসাওদের জার্সিতে নিজের চতুর্থ বিশ্বকাপ রাঙাতে মরিয়া এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *