চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করবেন তিনি। আজ বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হজের প্রথম উদ্বোধনী ফ্লাইটটি ১৮ এপ্রিল (শুক্রবার দিবাগত রাত) ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। উদ্বোধনী দিনে মোট ১৪টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী বহন করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।
