ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করলে দেশে প্রবেশের পরপরই তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, সেটি মূল বিষয় নয়; তার বিরুদ্ধে দেশের আইনি প্রক্রিয়াই প্রাধান্য পাবে।
সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের বিচার বিভাগও সংশ্লিষ্ট প্রক্রিয়া পর্যালোচনা করছে বলে জানান তিনি।
মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক জোট বা ফোরামে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, কোনো জোটে যুক্ত হওয়ার আগে সেটি দেশের মানুষের জন্য কতটা কল্যাণকর হবে, তা বিবেচনা করা হবে। মক্কা চুক্তি নিয়ে উপযুক্ত সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাদারীপুরের সংসদ সদস্য, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন