রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় অ্যাপেক্সের একটি শোরুম ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মীনাবাজারের বিপরীতে অবস্থিত অ্যাপেক্স ভবনের ওপরের দুই তলায় আগুন দেখা যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আগুনের সূত্রপাতের সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো হতাহত বা ভবনের ভেতরে কেউ আটকা পড়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের অভিযান চলছে।
মন্তব্য করুন