ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে যে ধরনের অবকাঠামো ধ্বংস হয়েছে, সেগুলো পুনরায় নির্মাণ করতে হবে। এর ফলে সেখানে আমাদের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ ও চাহিদা তৈরি হতে পারে।” তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংকট ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

সিন্ডিকেট ও অভিবাসন ব্যয়: জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের মতো কিছু দেশে নির্দিষ্ট কয়েকটি কোম্পানি মনোপলি বা একচেটিয়া ব্যবসা করছে, যার ফলে অভিবাসন ব্যয় ১৫-১৬ লাখ টাকায় ঠেকেছে। সরকার এই সিন্ডিকেট ভাঙতে এবং ব্যয় নির্ধারণ করে দিতে কূটনৈতিক পর্যায়ে ‘নোট ভারবাল’ ও চিঠিপত্র আদান-প্রদান করছে।

মালয়েশিয়া ও নতুন বাজার: মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেও যা পারেনি, বর্তমান সরকার সেই বাজার পুনরায় খোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আলাপ-আলোচনার মাধ্যমে মালয়েশিয়া ও ভিয়েতনামের শ্রমবাজার থেকে শিগগিরই ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। এছাড়া দক্ষ কর্মী গড়তে প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা’ শেখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *