চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার ও একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে সাতটায় ভাটিয়ারী বিএম গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সেনাবাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বগিতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ট্রেনের ভেতর হুড়োহুড়ি ও আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওয়ার কারের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *