ইরান যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা শান্তি প্রস্তাব; ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিত

ইরানে চলমান যুদ্ধ অবসানে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পাঁচ দফার একটি যৌথ পরিকল্পনা ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব পেশ করা হয়।

শান্তি প্রস্তাবের ৫ দফা:-
১. অবিলম্বে যুদ্ধবিরতি: সব পক্ষকে উত্তেজনা পরিহার করে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান।

২. কূটনৈতিক সংলাপ: বিরোধ নিরসনের একমাত্র পথ হিসেবে দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু করা।

৩. বেসামরিক স্থাপনা সুরক্ষা: জ্বালানি, বিদ্যুৎ, পানি ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা।

৪. হরমুজ প্রণালী সচল করা: এই রুটে বাণিজ্যিক জাহাজ ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।

৫. শান্তি কাঠামো প্রতিষ্ঠা: জাতিসংঘ সনদের আলোকে একটি বিস্তৃত ও স্থায়ী শান্তি কাঠামো গঠন করা।

এই প্রস্তাবের বিষয়ে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি মন্তব্য না করলেও বলেছেন, “যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা ভালোভাবে এগোচ্ছে।” অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, চীন-পাকিস্তানের এই উদ্যোগের বিষয়ে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *