ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মুঃ জালাল উদ্দিন ফাহিম। তিনি বলেছেন, মাদকসেবী বা মাদক বহনকারীদের গ্রেপ্তারের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বড় চক্রের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা, মাদকের বিস্তার রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা সহজ করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
কিশোর গ্যাংয়ের বিষয়ে পুলিশ সুপার বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবেন তিনি। জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে প্রকৃত অর্থে কিশোর গ্যাং নির্মূলে কাজ করা হবে।
শহরের যানজট পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মতো ঐতিহ্যবাহী শহরের প্রধান সড়কের বর্তমান অবস্থা দেখে তিনি অবাক হয়েছেন। যানজট নিরসন একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের অটোরিকশার চলাচলসহ সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবিলা করা কঠিন। তবে শিগগিরই মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। যাতে নিবন্ধন ছাড়া কেউ মোটরসাইকেল চালাতে না পারেন, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
মাদক পরিস্থিতি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, মাদকের সমস্যা শুধু পুলিশের একার নয়, এটি সবার সমস্যা। বর্তমানে সারা দেশেই মাদকের বিস্তার রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোর মোট ধারণক্ষমতা এক লাখের কম, অথচ সারা দেশে মাদকসেবীর সংখ্যা আনুমানিক ১২ লাখ থেকে ১৫ লাখ।
তিনি বলেন, ‘আমরা আসলে কতজন মাদকসেবীকে ধরব? মাদকসেবী বা মাদক বহনকারীসহ হাজারখানেক মানুষকে গ্রেপ্তারের চেয়ে মাদক সম্রাট ও মাফিয়া নেতাদের ধরতে পারলে বেশি কাজ হবে। তাদের ধরতে আমরা কাজ করছি।’
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম এবং অনলাইন পোর্টালের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আর/কে
মন্তব্য করুন