দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের ছয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বাড়ায় তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বর্তমানে সারা দেশের তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামীকাল থেকে এটি কমতে শুরু করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির ব্যাপ্তি আরও বাড়বে।
আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এর ফলে কাল থেকে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে। তবে কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
