ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ফেনী মডেল থানা পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ফেনী মডেল থানা এলাকা, কালীদহ ইউনিয়ন, লালপোলসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে গত ২ সেপ্টেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. শাহ আলম (৫৬) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা শহরে অস্থিতিশীল পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন অপরাধে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১৩ পিস ইয়াবাসহ কথিত মাদক কারবারি মো. রুহুল আমিন (৫৪) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি প্রদীপ কুমার শর্মা (৪৩) রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত দুজন, সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ছয়জন, চুরি মামলায় দুজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় একজন রয়েছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮ জনকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন