দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা। ফলে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরিতে দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ৭০০ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা, কারুকাজ ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
মন্তব্য করুন