নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কুরআন রাখার একটি তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্র ও গুলিগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে উদ্ধার করা পিস্তলটি জুলাই-আগস্টের আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, এ বিষয়ে পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করবেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অস্ত্র ও গুলিগুলো কীভাবে মসজিদের ভেতরে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন