ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবুজ, সুসজ্জিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোলা-চরফ্যাশন মহাসড়কের ডাওরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকদের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় ভোলা-চরফ্যাশন মহাসড়কের উভয় পাশে প্রায় ৭০ কিলোমিটার এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের ফলে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপি সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন