নড়াইলে সাংবাদিক হেনস্তার ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা হাসিবুর মোল্যার কথিত অবৈধ কয়লা তৈরির ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে কয়লা তৈরির আটটি চুল্লি ধ্বংস করা হয়েছে। এ সময় ভাটায় ব্যবহৃত কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় একটি বাগানের মধ্যে ওই ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রুবেল শেখ।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হচ্ছিল। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের খবর পেয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়।
অভিযানের সময় কয়লা তৈরির আটটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জ্বলন্ত চুল্লিগুলোর আগুন নিভিয়ে দেন। অভিযানের খবর পেয়ে ভাটায় কর্মরত শ্রমিক ও মালিক পালিয়ে যান। পরে ভাটায় থাকা কাঠ ও একটি ট্রলি জব্দ করে জেলা প্রশাসন।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে।
তিনি আরও বলেন, কয়লা তৈরির চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। খবর পাওয়ার পর অভিযান চালিয়ে চুল্লিগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কাঠ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই এলাকায় অবৈধ কয়লা ভাটার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান ও স্থানীয় সংবাদকর্মী রাসেল হুসাইন।
অভিযোগ রয়েছে, সংবাদ সংগ্রহ শেষে খবরটি প্রচার না করার জন্য ভাটার মালিক হাসিবুর মোল্যা সাংবাদিকদের টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেন। তারা টাকা নিতে অস্বীকৃতি জানালে লোকজন জড়ো করে ওই দুই সংবাদকর্মীকে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সঙ্গে জামায়াত নেতা হাসিবুর মোল্যা ও তার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
মন্তব্য করুন