পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযানটি চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে মৃত সাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার পিস্তলের কভার উদ্ধার করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শটগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া পরিচয়পত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন