চৌদ্দগ্রামে নকল সিগারেট কারখানায় অভিযান, মেশিনসহ গ্রেপ্তার ৯
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির অভিযোগে একটি অবৈধ ডিপুতে অভিযান চালিয়ে মেশিনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছয় কার্টন সিগারেট ও একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘী সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়। নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রামে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়েছিল। ওই সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় মেশিনটি পেরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়।
পরদিন ৫ আগস্ট জিম্মায় থাকা মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নাঙ্গলকোট থানায় মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস।
পুলিশ জানায়, মামলাটি তদন্তের সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রামের গোবিন্দ মানিক্য দিঘী এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি অবৈধ ডিপু থেকে বিদেশি ‘মেসি’ ব্র্যান্ডের ছয় কার্টন সিগারেট এবং চুরি যাওয়া সিগারেট তৈরির মেশিনটি উদ্ধার করা হয়। এ সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়।
পেরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, প্রশাসনের অভিযানে জব্দ করা সিগারেট তৈরির মেশিনটি তার জিম্মায় দেওয়া হয়েছিল। পরে সেটি চুরি হয়ে গেলে তিনি থানায় মামলা করেন। মঙ্গলবার পুলিশ সূত্রে জানতে পারেন, চুরি যাওয়া মেশিনটি চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক গণেষ চন্দ্র দাস বলেন, থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। অভিযানে মেশিনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সিগারেট ও মেশিনের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন