ইরানে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে সেনা মোতায়েন করবে না দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যার মাধ্যমে দক্ষিণ কোরিয়া সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে ইরান ইস্যুতে ওঠা বিভিন্ন গুঞ্জন খণ্ডন করেন প্রেসিডেন্ট লি। তিনি বলেন, ইরান যুদ্ধে সামরিকভাবে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
তবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ এবং তেল পরিবহনের রুটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ন্যূনতম পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সম্প্রতি হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়ায় জনমত ও রাজনৈতিক চাপ বাড়ছিল। এর মধ্যে দেশটিতে সামরিক বাহিনী মোতায়েনের বিরোধিতা করে বিক্ষোভও হয়েছে।
এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট লির বক্তব্যে দক্ষিণ কোরিয়ার অবস্থান স্পষ্ট হয়েছে—ইরান সংঘাতে সরাসরি সামরিক সম্পৃক্ততা বাড়ানোর পরিবর্তে দেশটির বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
মন্তব্য করুন