অলি রহমান: বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৭) নামে এক ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি মাছের ঘেরের পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর মাছের ঘেরের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মুসলিমার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন