হাম্মাদ- ইবি প্রতিনিধি:
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবির। রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং অফিস সম্পাদক আব্দুস সালাদের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে তারা ‘২৪ এর অঙ্গিকার, চাকরী পাবে মেধা যার,’ ‘জুলাইয়ের এর অঙ্গিকার, চাকরী পাবে মেধা যার,’ ‘চাকরীতে দলীয়করণ, চলবে না, চলবে না,’ ‘শিক্ষাঙ্গনে দলীয়করণ, চলবে না, চলবে না,’ ‘নিয়োগে বৈষম্য, মানি না, মানবো না,’ ‘মেধার প্রতি অবিচার, মানি না, মানবো না,’ ‘নিয়োগে স্বজনপ্রীতি, চলবে না, চলবে না,’ সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও,’ ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, নিয়োগ বানিজ্যের মাস্টার প্ল্যান’ ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মেধার জন্য কোন কার্ড,’ ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড,চাকরী দিবে দলীয় কার্ড!!’ ‘কার্ড বাবার অনেক গুণ, সবখানে দলীয়করণ,’ ইত্যাদি স্লোগান দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক নিয়োগ বন্ধ ও পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করছে। এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে এনটিআরসিএর প্রক্রিয়া পাশ কাটিয়ে দলীয়করণ ও স্বজনপ্রীতির পথ খুলে দিয়েছে। ভাইভায় নম্বর বাড়িয়ে মেধার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল মেধাবীদেরকে নিয়োগ দেওয়া— এটা সরকার বারবার ভুলে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারকে বলব যে আপনারা এদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে হয়রানি না করে নিয়োগ দিন। প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করুন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ এবং জুলাই সনদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন করুন।
মন্তব্য করুন