সাদিকুল ইসলাম আবির- নেত্রকোনা জেলা প্রতিনিধি।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান এর অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, বাংলাদেশ সবার। নাগরিক হিসেবে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের একার পক্ষে দেশকে উন্নত ও কার্যকর রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
ডেপুটি স্পিকার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু সামাজিক নয়, ধর্মীয়ভাবেও গুরুত্বপূর্ণ। অসচেতনতার কারণে আমরা অনেক সময় পরিচ্ছন্নতার মতো জরুরি বিষয়কে অবহেলা করি।
দেশব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের মূল লক্ষ্য হলো আগামী প্রজন্মকে সুস্থ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর শতাধিক কর্মী অংশ নেন। উদ্বোধনের আগে ডেপুটি স্পিকার স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান। পরে স্বেচ্ছাসেবকরা লাইফ জ্যাকেট, গ্লাভস ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে খালে নেমে জমে থাকা কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ শুরু করেন।
ডেপুটি স্পিকার ‘বিডি ক্লিন’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে খালটি বেহাল অবস্থায় ছিল। এমন উদ্যোগ পরিচ্ছন্ন পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, সাংবাদিক, উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন