সাদিকুল ইসলাম আবির- নেত্রকোনা জেলা প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষের প্রতি ভালোবাসা গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নেত্রকোনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ চাইল্ড একাডেমী। প্রতিষ্ঠানটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা উপহার দেওয়ার পাশাপাশি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুধু বিদ্যালয় প্রাঙ্গণেই নয়, পরিবেশ রক্ষার এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হয়েছে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়েও। কর্মসূচির অংশ হিসেবে এলাকার বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে ফলের চারা তুলে দিয়ে সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং এটি মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি অন্তত একটি করে গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এ সময় ক্রিয়েটিভ চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমরা পড়াশোনার পাশাপাশি বৃক্ষের যত্ন নেব। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা মাটিতে রোপণ করা নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করা। তোমরা যে গাছটি রোপণ করবে, সেটিকে নিজের বন্ধুর মতো মনে করবে। নিয়মিত পানি দেবে, পরিচর্যা করবে এবং কোনোভাবেই গাছের ক্ষতি হতে দেবে না।”
তিনি আরও বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং বিভিন্ন পাখি ও প্রাণীর আশ্রয়স্থল তৈরি করে। তাই শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা অত্যন্ত জরুরি। আজকের একটি চারা আগামী দিনে একটি বড় বৃক্ষে পরিণত হয়ে আমাদের সমাজ ও পরিবেশকে উপকৃত করবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্রিয়েটিভ চাইল্ড একাডেমীর সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন