কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অর্থায়নে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের স্থাপনার ছাদে প্রথম ধাপে ১৪০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আজ থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের পরিচালক (প্রোডাকশন) প্রকৌশলী শেখ মাহমুদ হাসান এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মজিবুল হক আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ডিজিএম (টেকনিক্যাল), ডিজিএম (গজারিয়া), এজিএম (আইটি) এবং থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দ্রুত সময়ের মধ্যে সোলার প্ল্যান্টটির নির্মাণকাজ শুরু করা হবে। প্ল্যান্টটি স্থাপনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সংশ্লিষ্ট কোম্পানির কাছে বিক্রি করা হবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ও থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের মধ্যে ১৪০ কিলোওয়াট পিক রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আর/কে
মন্তব্য করুন