ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অসহায় ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে শুকনো খাবার এবং গবাদিপশু পালনে সহায়তার জন্য আরও ১৫টি পরিবারকে গোখাদ্য দেওয়া হয়।পরে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরওয়ার কামালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর পেয়ারা বেগম।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।দিবসটি উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতির গুরুত্ব এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হয়।
মন্তব্য করুন