ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, প্রটোকল ব্যবস্থাপনা, চলমান উন্নয়নকাজের অগ্রগতি এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সম্ভাব্য সফরকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এসময় নির্দেশনা দেন উপাচার্য। তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সমন্বিত, পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ ও কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে প্রটোকল-সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রস্তুতিতে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
এছাড়া সভায় ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কাজগুলো নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়া, কাজের মান বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোর অবস্থা সরেজমিনে তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ক্যাম্পাসের সড়ক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, প্রবেশপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
একইসাথে এ-সংক্রান্ত পূর্ববর্তী সভাগুলোতে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। যেসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা, বাস্তবায়নে বিদ্যমান সমস্যা এবং দ্রুত সম্পন্ন করার সম্ভাব্য উপায় নিয়ে এসময় আলোচনা করেন উপস্থিত সদস্যরা। উপাচার্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দেন।
এ ছাড়া সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, যাতায়াত, অতিথিদের অভ্যর্থনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, স্থান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলোও গুরুত্ব দেন তিনি।
প্রসঙ্গত, ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনে এ মাসে বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছিলেন উপাচার্য। এ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনূর রহমানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানকে সদস্য সচিব করে একই মাসের ১৭ তারিখ ৪২ সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন