“সঠিক নিয়মে হাত ধুই, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬।

আজ ১৫ অক্টোবর, কুমারখালী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার নাগরিকদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের এবং নাগরিকদের সাবান দিয়ে হাত ধোয়ার সঠিক ধাপগুলো প্রামাণ্যভাবে শিখিয়ে দেওয়া হয়।

পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত উপজেলা কর্মকর্তা জনাব নাভিদ সারওয়ার জানান, রোগবালাই থেকে মুক্ত থাকতে এবং একটি সুস্থ সমাজ গঠনে নিয়মিত ও সঠিক উপায়ে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে তারা সবার প্রতি আহ্বান জানান।
পৌরসভার এই চমৎকার ও জনকল্যাণমুখী উদ্যোগ স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
মন্তব্য করুন