নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ মোক্তার আহমদ (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বেগমগঞ্জ মডেল থানাধীন ৮ নম্বর পৌর ওয়ার্ডের ‘নাপিতের পুল’ এলাকার ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোক্তার আহমদ কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া তেলী পাড়া এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ আনোয়ার হোসাইনের নেতৃত্বে ডিবির একটি টিম এ অভিযান পরিচালনা করে। নাপিতের পুল সংলগ্ন মোস্তাফা মিয়ার ‘তারা মঞ্জিল’-এর সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে মোক্তার আহমদকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
আর/কে
মন্তব্য করুন