‘নোয়াখালী বিভাগ চাই’—এই এক দফা প্রাণের দাবিকে সামনে রেখে রাজধানীর শাহবাগ চত্বরে এক সুবিশাল মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর নোয়াখালীবাসীর দীর্ঘদিনের অবহেলিত অধিকার আদায় এবং বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে রাজপথে নেমে একাত্মতা প্রকাশ করেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গণমানুষের নেতা জনাব আলমগীর হোসেন বাবুল।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গরীব-দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু জনাব আলমগীর হোসেন বাবুল। তিনি বলেন, “নোয়াখালী একটি প্রাচীন, ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল। জাতীয় অর্থনীতি, রেমিট্যান্স প্রবাহ ও কৃষিতে নোয়াখালীর অবদান অপরিসীম হলেও প্রশাসনিক কেন্দ্র দূরবর্তী হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত সেবা পেতে নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি কবিরহাটসহ পুরো নোয়াখালীর প্রতিটি মানুষের গণদাবিতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “২ নং সুন্দরপুর মডেল ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ে যেভাবে আমি আজীবন কাজ করে যাচ্ছি, তেমনি নোয়াখালীর সার্বিক উন্নয়নে নোয়াখালী বিভাগ আদায়ের এই যৌক্তিক আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথে থাকব।”
মানববন্ধনে শাহবাগ চত্বর ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এতে ঢাকায় অবস্থানরত নোয়াখালী জেলার সর্বস্তরের সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সমাজসেবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে বক্তারা অনতিবিলম্বে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন