অভিনেতা জাহের আলভীর স্ত্রীর দাফন সম্পন্ন: জানাজায় ছিলেন না স্বামী, প্রধান আসামি করে মামলা

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকায় তার নানা বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। তবে স্ত্রীর দাফন ও জানাজায় অভিনেতা আলভী বা তার পরিবারের কাউকেই দেখা যায়নি।

ইকরার চাচা বিপু খান সংবাদমাধ্যমকে জানান, ইকরার বাবা তার শ্বশুরবাড়ি এলাকায় স্থায়ী নিবাস গড়েছিলেন, তাই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সেখানেই ইকরাকে দাফন করা হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, “জানাজায় আলভীর পরিবারের কেউ আসেনি, এমনকি ইকরার স্বামী অভিনেতা আলভীও উপস্থিত ছিলেন না।”

ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে রাজধানীর পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় শুধু আলভী নন, তার মা এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকেও আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে বলে জানান তিনি।

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর একে অপরকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর ধরে তাদের এই দাম্পত্য জীবনের বিষয়টি লোকচক্ষুর অন্তরালে ছিল। ২০২৪ সালে এসে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। তবে দীর্ঘদিনের এই সম্পর্কের শেষটা হলো এক বিষাদময় ট্র্যাজেডির মধ্য দিয়ে।

গত কয়েকদিন ধরেই জাহের আলভী ও ইকরার দাম্পত্য কলহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য চাউর হচ্ছিল। এরই মধ্যে ইকরার আত্মহত্যার খবর ও আলভীর বিরুদ্ধে মামলা বিনোদন অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *