বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু: মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্কই বেশি

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফুটবল ইতিহাসের বৃহত্তম আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর ১০০ দিনের কাউন্টডাউন। ৩২ দলের খোলস ছেড়ে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল নিয়ে পর্দা উঠবে এই বিশ্বযজ্ঞের। তবে মাঠের লড়াই শুরুর আগে বৈশ্বিক রাজনীতি, যুদ্ধাবস্থা এবং অভিবাসন নীতি নিয়ে এক অস্থির আবহ তৈরি হয়েছে আয়োজক দেশগুলোতে।

প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘এস্তাদিও আজটেকা’য় উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হবে মাঠের লড়াই। দীর্ঘ ছয় সপ্তাহের লড়াই শেষে ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে নামবে পর্দা। ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৭৮টি ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্র।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আসরকে বাণিজ্যিক সাফল্যের নতুন শিখর হিসেবে দেখছেন। তার প্রত্যাশা, এই টুর্নামেন্ট থেকে রেকর্ড ১১ বিলিয়ন ডলার আয় হবে, যা কাতার বিশ্বকাপের ৭ বিলিয়ন ডলারের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। ইনফান্তিনো এই আসরের বিশালত্ব বোঝাতে একে ‘১০৪টি সুপার বোলের সমান’ বলে আখ্যা দিয়েছেন।

বাণিজ্যিক সাফল্যের ভিড়ে টিকিটের আকাশচুম্বী মূল্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ ফিফার বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছে। সমালোচনার মুখে ফিফা অবশ্য সাধারণ সমর্থকদের জন্য সীমিত সংখ্যক ৬০ ডলারের টিকিটের ব্যবস্থা রাখার আশ্বাস দিয়েছে।

মাঠের বাইরের পরিস্থিতিই এখন ফিফার বড় মাথাব্যথার কারণ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার উত্তেজনা বিশ্বকাপের আমেজে ছায়া ফেলেছে। বিশেষ করে ইরান তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে, যা নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

পাশাপাশি মেক্সিকোতে মাদক সম্রাট নিহতের ঘটনায় ছড়িয়ে পড়া সহিংসতা এবং যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি নিয়েও উদ্বেগ রয়েছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম ও ফিফা প্রধান উভয়ই নিশ্চিত করেছেন যে, কোনো অস্থিরতাই বিশ্বকাপ আয়োজনে বিঘ্ন ঘটাবে না।

৪৮ দলের নতুন ফরম্যাটে এবার নকআউট পর্বে ওঠার সমীকরণও বদলেছে। ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় স্থানধারী দলও পরের রাউন্ডে যাবে। ফলে বড় দলগুলোর প্রাথমিক ধাপে বিদায়ের ঝুঁকি অনেকটা কমেছে।

সবার নজর থাকবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দিকে। অধিনায়ক লিওনেল মেসি আসর চলাকালীন ৩৯ বছরে পা দেবেন। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ। এছাড়া জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে ও কুরাসাওয়ের মতো দলগুলোর অভিষেক টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *