মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং সেটে হাতাহাতির ঘটনায় জড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও নবাগত সামিয়া অথৈ। তিশার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মারধর ও অপেশাদার আচরণের অভিযোগ এনে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন অথৈ। তবে তিশার দাবি, যা হয়েছে তা কেবলই ‘চরিত্রের প্রয়োজনে’।
ফেসবুক লাইভে অথৈ অভিযোগ করেন, শুটিংয়ের শুরু থেকেই তিশা তার সঙ্গে দুর্ব্যবহার করছেন। তিনি বলেনঃ- “একটি দৃশ্যে অভিনয়ের প্রয়োজনে টেকনিক্যালি তাকে স্পর্শ করার কথা ছিল, কিন্তু তিশা আপু আমাকে বাস্তবে জোরে জোরে আঘাত করেছেন। আমার চোখ ফুলে গেছে। এর আগে মুশফিক ফারহানের সঙ্গে কাজ করা নিয়েও তিনি আমাকে হুমকি দিয়েছিলেন।”
অথৈ আরও দাবি করেন, তিশার আচরণ ছিল অস্বাভাবিক এবং তার শরীর থেকে ‘দুর্গন্ধ’ আসছিল। তিশা কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন অথৈ।
সহ-অভিনেত্রীর এমন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তানজিন তিশা গণমাধ্যমকে জানান, বিষয়টি ব্যক্তিগত কোনো আক্রোশ নয়। তিশার ভাষ্যমতেঃ- “আমি এই নাটকে একজন ‘স্পেশাল চাইল্ড’ বা অটিস্টিক চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমাকে মারধর বা আক্রমণাত্মক হতে হয়েছে। যা করেছি স্ক্রিপ্ট অনুযায়ী করেছি। এটি বুঝতে না পারা অথৈ-এর পেশাদারিত্বের অভাব।”
তিশা আরও অভিযোগ করেন, দৃশ্যটি শেষ না করে লাইভ করে অথৈ পুরো শুটিং ইউনিটকে বিপাকে ফেলেছেন।
