নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ২১ জন মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাত থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, রাতভর অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ ২১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং অন্যান্য মামলায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩৪ জনের মধ্যে ৬ জন নারী আসামি রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত ৩৪ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, “মাদক ব্যবসা, সেবন, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে জড়িতদের বিরুদ্ধে এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে”।
