মিরপুরে দর্শকদের জন্য বিসিবির উপহার; পাকিস্তান সিরিজে মিলবে বিনামূল্যে পানি ও সুলভ মূল্যে টিকিট

পবিত্র রমজান মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে দর্শকদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের জন্য এবার বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করেছে বোর্ড।

বিসিবি সূত্র জানিয়েছে, রোজা রেখে যারা গ্যালারিতে বসে দীর্ঘ সময় খেলা দেখবেন, তাদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন নির্দিষ্ট পয়েন্টে পানির জার ও গ্লাস স্থাপন করা হবে, যাতে দর্শকরা সহজেই তৃষ্ণা মেটাতে পারেন। মূলত বিকেলের দিকে ইফতারের প্রস্তুতি ও সাধারণ দর্শকদের সুবিধার কথা ভেবেই এই ব্যবস্থা।

আজ বুধবার (১১ মার্চ) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। দর্শকদের মাঠে টানতে এবার টিকিটের দামও রাখা হয়েছে বেশ নাগালে। ইস্টার্ন স্ট্যান্ডের জন্য সর্বনিম্ন টিকিট মূল্য ২০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য সর্বোচ্চ ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিসিবির এই উদ্যোগের ফলে রমজানের তপ্ত দুপুরে গ্যালারিতে বসে খেলা দেখা দর্শকদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *