বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।
জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো বিস্তারিত পর্যালোচনা করবে এই কমিটি। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া বিসিবির নিজস্ব বিধিবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ ও প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের ক্ষমতা দেওয়া হয়েছে এই কমিটিকে।
ভবিষ্যতে বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনের সংস্কারের অংশ হিসেবে এই তদন্তকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে ক্রীড়া সংশ্লিষ্টরা।
