কুয়েতের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা’র বরাত দিয়ে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, এই হামলার ফলে একাধিক স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর তেল স্থাপনাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য দ্রুত দমকল বাহিনীকে মোতায়েন করা হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বর্তমানে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পাশাপাশি দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। এর প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করেছে।
