কুষ্টিয়া কুমারখালী, সাকিব হোসেনঃ কুষ্টিয়ার কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এ অভিযান শুরু করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে ডেঙ্গু মশার প্রজননের আশঙ্কা রয়েছে, সেসব স্থানকে অগ্রাধিকার দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পাশাপাশি কুমারখালী বড় বাজারের সম্ভাব্য মশার প্রজননস্থলও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মকর্তারা জানান, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; বরং নিয়মিত ও চলমান কার্যক্রমের অংশ। প্রতি শনিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং রবিবার উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমারখালীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ কাজে সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
মন্তব্য করুন