মো. রাজিবুল ইসলাম বাবু, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ঘরের তালা ও বাক্স ভেঙে কাঁসার বাসন, পিতলের কলস ও ১০০ জোড়া শাঁখাসহ প্রায় ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়নের শাখারিপাড়া গ্রামে পরিতোষ ধরের বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে দুটি কাঁসার থালা, একটি কাঁসার বাটি, একটি গ্লাস, একটি বড় পিতলের কলস ও ১ নম্বর ধলা শাঁখা ১০০ জোড়া।
ভুক্তভোগী পরিবারের দাবি, শুধু শাঁখার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
পরিতোষ ধর জানান, রাজশাহীর খেতরের মেলায় যোগ দিতে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা লাগিয়ে যান। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে মালামাল চুরি করে। পরে তাঁর ভাতিজার মাধ্যমে বিষয়টি জানতে পারেন তাঁরা।
পরিতোষ ধর বলেন, “আমরা এখনো মেলাতেই আছি। বিকেলে বাড়িতে গিয়ে সবকিছু দেখতে পারব। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানি না।”
এদিকে স্থানীয় বাসিন্দা অর্ক ধর ও চঞ্চলা রানী ধর অভিযোগ করেন, এলাকায় নেশাগ্রস্ত ব্যক্তিদের আড্ডার কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। তাঁরা মাদকবিরোধী অভিযান জোরদার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। তবে চুরির সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন