সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অগ্রগতি যাচাই করতে দেশের সব মাদ্রাসা থেকে বৃক্ষরোপণের বিস্তারিত তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছকে আগামী দুই কর্মদিবসের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি চিঠি জারি করা হয়। এতে অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ী প্রধানদের দ্রুত তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে এখন পর্যন্ত কতগুলো গাছ লাগানো হয়েছে এবং সেগুলোর বর্তমান অবস্থা কী—তা যাচাই করাই এর মূল উদ্দেশ্য।
যেসব তথ্য দিতে হবে
নির্ধারিত ছক পূরণ করে প্রতিটি মাদ্রাসাকে প্রতিষ্ঠানের নাম ও ধরন, জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রামের তথ্য এবং রোপণ করা গাছের প্রজাতি ও সংখ্যা জানাতে হবে।
এ ছাড়া গাছ লাগানোর তারিখ এবং বৃক্ষরোপণের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করতে হবে। স্থান শনাক্ত করার জন্য জিপিএস বা ভৌগোলিক কো-অর্ডিনেট দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
রোপণ করা চারাগাছের পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তি এবং সংশ্লিষ্ট মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বরও তথ্যের সঙ্গে দিতে হবে।
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পূরণ করা ছক ap-2@dme.gov.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
কার্যক্রমের তদারকি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জেলা শিক্ষা অফিস, উপজেলা প্রশাসন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় সবুজায়ন কর্মসূচির আওতায় রোপণ করা গাছের সঠিক হিসাব সংরক্ষণ, পরিচর্যা নিশ্চিত করা এবং পুরো কার্যক্রমে জবাবদিহিতা বাড়াতেই এ তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মন্তব্য করুন