ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ার পর পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন (পিপিএম-বার)কে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তর, ঢাকার পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। তিনি মিরপুর সেনানিবাসে চলমান ‘ডিএসসিএসসি-২০২৬’ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ অধিদপ্তর থেকে প্রস্থান গ্রহণ করেন।
কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় তার মূত্রে বেনজোডায়াজেপিনস (BZO) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিনের উপস্থিতি ‘পজিটিভ’ পাওয়া যায়। বিষয়টি ওই কোর্সের শৃঙ্খলার পরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩১ আগস্ট থেকে আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন