ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাগালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং পাশের কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, সোমবার বিকেলে চাতলপাড় গ্রাম থেকে তিনজন স্পিডবোটে করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় স্পিডবোটে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতদের মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন