সারাদেশে আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি ভবানীপুর বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
জয়নাল আবেদীন রিজভী বলেন, “আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় না জড়িয়ে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।”
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন